
ডেস্ক নিউজঃ খাগড়াছড়ি সদর উপজেলার খাগড়াপুর এলাকায় পার্কিং করে রাখা সাজেকগামী পর্যটক পরিবহনের দুইটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে মাস্টারের দোকানের সামনে এ ঘটনা ঘটে। এতে গাড়ি দুইটির বিভিন্ন অংশ পুড়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, খাগড়াপুর এলাকার মাস্টারের দোকানের সামনে নিয়মিত ৪টি পিকআপ পার্কিং করে রাখা হতো। এসব গাড়ি সাজেক সড়কে পর্যটক পরিবহনের কাজে ব্যবহৃত হয়। বুধবার রাতে গাড়িগুলো যথারীতি সেখানে রাখা হয়েছিল। গভীর রাতে দুর্বৃত্তরা এর মধ্যে দুইটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
গাড়িচালক রিটেন ত্রিপুরা জানান, রাতে বাড়ির পাশেই গাড়িগুলো পার্কিং করে রেখেছিলেন। সেখানে নিয়মিত ৪টি পিকআপ রাখা হয়। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখেন, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে এরই মধ্যে দুইটি গাড়ির ভেতরের আসনসহ বিভিন্ন অংশ পুড়ে গেছে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ বলেন, আগুন লাগার খবর পাওয়ার পর দ্রুত ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে দুইটি গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু বলেন, ‘রাতে নাশকতার উদ্দেশ্যে পার্কিং করে রাখা দুইটি পিকআপে আগুন দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।’
এদিকে ঘটনার পর খাগড়াছড়ি শহর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। রাতভর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পুলিশের একাধিক গাড়ি টহল দেয়। পাশাপাশি গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়।
অন্যদিকে জেলার জিরো মাইল, বটতলা ও ঠাকুরছড়াসহ কয়েকটি এলাকায় ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা মিছিল করেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে এসব মিছিল করা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
রাতে সদরের জিরো মাইল এলাকা থেকে নাশকতার চেষ্টার অভিযোগে বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা কমিটির সভাপতি নজরুল ইসলামকে আটক করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
