আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালির পূর্ব দিকে নৌমাইনে আঘাত লেগে একটি তেলবাহী জাহাজে আগুন ধরেছে বলে জানিয়েছে ইরানের নৌবাহিনী। জাহাজটি চলাচলের নেভিগেশন ব্যবস্থা বন্ধ রেখেছিল বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি।
ইরানের নৌবাহিনীর বিবৃতির বরাতে আইআরআইবি জানায়, জাহাজটি নৌমাইনে আঘাতের পর আগুন ধরে যায়। জাহাজটি নেভিগেশন ব্যবস্থা বন্ধ রেখে চলাচল করছিল বলেও অভিযোগ করেছে ইরান। তবে জাহাজটির নাম, পতাকাবাহী দেশ, হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা ও অগ্নিকাণ্ডের একাধিক ঘটনা ঘটেছে। এসব ঘটনার কয়েকটির জন্য নৌমাইনে আঘাতকে দায়ী করেছে ইরান। তবে দেশটির এসব দাবির সবগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
গত ২ নভেম্বর হরমুজ প্রণালির পূর্ব দিকে একটি তেলবাহী জাহাজ নৌমাইনে আঘাতের পর আগুনে পুড়েছে বলে জানায় ইরানের নৌবাহিনী। ওই জাহাজটিও নেভিগেশন ব্যবস্থা বন্ধ রেখে নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেছিল বলে দাবি করা হয়।
এরপর ১০ নভেম্বর একই এলাকায় আরও একটি তেলবাহী জাহাজ নৌমাইনে আঘাতের পর বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের শিকার হয়েছে বলে জানায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী।
১৪ নভেম্বর ইরানের নৌবাহিনী ও আইআরজিসি দাবি করে, হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী জাহাজ নৌমাইনে আঘাতের পর আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এসব ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে নিশ্চিত হতে পারেনি রয়টার্স।
সর্বশেষ ১৭ নভেম্বর হরমুজ প্রণালিতে একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসবাহী জাহাজে অজ্ঞাত বস্তু আঘাত হানার পর আগুন ধরে যায়। জাহাজটির কর্মীদের উদ্ধার করা হলেও একজন নিখোঁজ এবং ১১ জন আহত হওয়ার খবর পাওয়া যায়।
<p>..</p>
Copyright © 2025 All rights reserved ভোরের আলো